১৬ Jul, ২০২৬
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: লাইব্রেরী
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করেছেন শিবু দাশ, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী। এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
নবনির্মিত লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ের পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, আকর্ষণীয় বুকশেলফ, ডিজিটাল কর্নার এবং শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানবর্ধক বই পড়ে নিজেদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে- শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন সচেতন, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক শিক্ষার্থী জানিয়েছে, নতুন লাইব্রেরি তাদের বই পড়ার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং অবসর সময়কে আরও ফলপ্রসূ করে তুলেছে।
লাইব্রেরি নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে শিবু দাশ, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া জানান- একসময়ের অবহেলিত একটি পরিত্যক্ত কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। পুঠিয়া বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন উদ্যোগ দেশের শিক্ষার মানোন্নয়ন এবং পাঠাভ্যাস বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Good news
Good