১৬ Jul, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, ইউএনও মোঃ নাহিদ হোসেন। পাশে-অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণসহ সুধীজনদের দৃশ্য।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝাওবোনা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন পরবর্তীতে পাইলট প্রকল্পের আওতায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে বলে কৃষি দপ্তরসূত্রে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।
অন্যান্যের মধ্যে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাগর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কেরামত আলী, মোঃ আলতাফ হোসেন, মোঃ সেলিম রেজা, মোঃ আজমুল আরেফিন, মোঃ মাজিরুল ইসলাম ও আবুল কাশেমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সনাক্তকরণ সহজ হবে এবং সরকারী কৃষি প্রণোদনা, ভূর্তুকী, প্রশিক্ষণ ও অন্যান্য সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেয়া সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের কৃষক কার্ড বিতরণের অংশ হিসেবে ভোলাহাট উপজেলার একটি কৃষি ব্লকে এই তথ্য সংগ্রহ কার্যক্রম আজ ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে যা আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সকল কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষকদের কৃষক কার্ড প্রদানের এ কার্যক্রমকে সফল করতে তথ্য সংগ্রহকারীকে সকল কৃষকদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সকলের সহযোগিতা করার আহ্বান জানান।
উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঐ ব্লকের (ঝাউবোনা) কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন ও সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।