২৪ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে কলেজ প্রভাষককে শোকজ

২৪ নভেম্বর, ২০২৬

ছবি: চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজ ইনসেটে শোকজপ্রাপ্ত প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস


হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত একটি কপি সাংবাদিকদের কাছে পৌঁছানোর সন্দেহে কলেজের প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন অধ্যক্ষ মোহন মিয়া।

সোমবার (২৩ নভেম্বর) ওই শিক্ষককে দেওয়া নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগের কপি সাংবাদিকদের কাছে পাঠানোর মাধ্যমে ওই শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ লঙ্ঘন করেছেন।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন।
তিনি বলেন, অভিযোগটি তাঁর বরাবর দেওয়া হয়েছে। সেটি বাইরে যাবে কেন, সাংবাদিকদের কাছেই বা যাবে কেন? এতে আইন লঙ্ঘন হয়েছে।

কোন আইনের সাংবাদিকদের কাছে তথ্য যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট আইন তাঁর নিজস্ব তৈরি। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এটি তাঁর এক্তিয়ার।

এ বিষয়ে শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস বলেন, এই শোকজের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে। তিনি কোনো সাংবাদিকের কাছে তথ্য দেননি। অভিযোগের কপি যে কেউ যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন।
তিনি আরও বলেন, তাঁরা দীর্ঘদিন আগে প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু সেই অভিযোগের বিচার না করে উল্টো তাঁদেরই শোকজ করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মোহন মিয়াকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ ক্ষেত্রে শোকজ করার কী রয়েছে? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছে জমা রয়েছে। সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা হয়।

মাধবপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও মাই টিভি উপজেলা প্রতিনিধি রাজিব দেব রাজু  বলেন, তথ্য অধিকার আইন ও সংবিধান তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার কথা বলে। সাংবাদিকদের তথ্য দেওয়া অপরাধ—এমন বিষয় শোকজে উল্লেখ করা বোকামি এবং আইনের পরিপন্থী। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য অপমানজনক।

প্রসঙ্গত, চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের দাবি, প্রায় ১ বছর ধরে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে প্রাপ্য ভাতা পরিশোধ বন্ধ রয়েছে।এ ছাড়া প্রতিষ্ঠানের মার্কেটের ৩০ থেকে ৪০টি দোকান স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে ভাড়া দিয়ে প্রকৃত আয় কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলেও তা সরবরাহ করা হয় না বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, অতীতে প্রতিষ্ঠানটির একটি অংশ আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। অধ্যক্ষ মোহন মিয়া আওয়ামী লীগের উপজেলা কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগের যথাযথ বিচার না করে ম্যানেজিং কমিটি অধ্যক্ষকে দিয়ে ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ তাঁদের।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news