০৭ সেপ্টেম্বর, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: ‘রুহিয়া ব্লাড ব্যাংক’
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি,
‘মানুষ মানুষের জন্য’—এই প্রত্যয়কে সামনে রেখে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রুহিয়ায় একদল তরুণের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘রুহিয়া ব্লাড ব্যাংক’। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালাচ্ছে।
এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবনে হয়ে উঠতে পারে নতুন আশার আলো। দুর্ঘটনা, প্রসূতি মা, অস্ত্রোপচারসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সময়মতো রক্তের প্রয়োজন হলে অনেক পরিবারকে পড়তে হয় চরম বিপাকে। সেই সংকট মোকাবিলায় রুহিয়ার তরুণদের এই উদ্যোগকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
‘রুহিয়া ব্লাড ব্যাংক’-এর উদ্যোগতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো রুহিয়া উপজেলার মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা তৈরি করা এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা প্রতিষ্ঠানে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হচ্ছে।
তরুণদের এই উদ্যোগ শুধু রক্ত সংগ্রহ বা সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে সমাজের মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
রুহিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা বলেন, “আপনার এক ব্যাগ রক্ত হয়তো কারও জীবনের শেষ মুহূর্তে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। আপনার রক্তে বাঁচতে পারে একটি প্রাণ, একটি পরিবার ফিরে পেতে পারে তাদের প্রিয় মানুষকে।”তারা রুহিয়া উপজেলার সর্বস্তরের মানুষকে এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তরুণদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় রুহিয়াকে একটি রক্তদাতা-সমৃদ্ধ মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে রুহিয়ায় তৈরি হয়েছে আশাবাদ। স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সহযোগিতার মাধ্যমে ‘রুহিয়া ব্লাড ব্যাংক’ হয়ে উঠুক মানবতার নতুন ঠিকানা—এমন প্রত্যাশাই স্থানীয়দের।
Good news
Good
wonderful news