১৭ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পূজামণ্ডপে আনসারদের তালিকা চাইতে গিয়ে দুর্ব্যবহারের শিকার ২ সাংবাদিক

১৬ অক্টোবর, ২০২৬

ছবি: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত আনসার প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমান।


হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ৭৫২ জন আনসার সদস্যের তালিকা চাইতে গিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই সাংবাদিক। দুর্ব্যবহারের একটি ভিডিও সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে।

গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা আনসার প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন তাঁরা।

অভিযোগকারী দুই সাংবাদিক হলেন দৈনিক একুশের সংবাদ-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি চাঁদ সুলতানা শাবানা চৌধুরী এবং দৈনিক লোকবাণী-এর মাধবপুর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রুবেল মিয়া।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, পূজামণ্ডপে আনসার সদস্য নিয়োগের প্রক্রিয়া,কমিশন বাণিজ্য, প্রশিক্ষণ ছাড়া লোক নিয়োগের অভিযোগ এবং নিয়োগের প্রচার-প্রচারণা সম্পর্কে তথ্য যাচাই করতে তাঁরা উপজেলা আনসার কার্যালয়ে যান। এ সময় তালিকা ও সংশ্লিষ্ট তথ্য চাইলে তাঁদের তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ ও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

সাংবাদিকদের আরও অভিযোগ, আনসার সদস্য নিয়োগের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে কী ধরনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে, সে প্রশ্নেরও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাঁদের দাবি, ঘটনার সময় তাঁদের হুমকি দেওয়া হয়। এ ঘটনার ভিডিও তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তাঁরা।
অভিযোগ অনুযায়ী, এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুকুল খান উপস্থিত থাকলেও তিনি প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমানকে বাধা দেননি।

নারী সাংবাদিক চাঁদ সুলতানা শাবানা চৌধুরী বলেন, “আজ সাংবাদিকদের নিরাপত্তা নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রেও বাধা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড পুরো বাহিনীকে প্রশ্নের মুখে ফেলেছে। আমরা চাই, দ্রুত ৭৫২ জন আনসার সদস্যের তালিকা প্রকাশ করা হোক।”

সাংবাদিক মুহাম্মদ রুবেল মিয়া বলেন, “৭৫২ জনের তালিকা প্রকাশ করতে তাঁদের ভয় কিসের? আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনসার প্রশিক্ষক নাজিউর রহমান বলেন, আমাদেরকে কাছে কিছু চাইতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করে চাইতে হবে।সরাসরি তথ্য দিতে আমরা বাধ্য নই। সাংবাদিকদের সাথে কোন দুর্ব্যবহার হয়নি।

অভিযোগের বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুকুল খান বলেন, “কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছ থেকে তালিকা দেওয়ার নিয়ম নেই। ইউএনও স্যার বললে দেব।”
এ ঘটনায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের নিয়োগপ্রক্রিয়া ও তালিকা প্রকাশের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা।

ছবি: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত আনসার প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news