২১ ডিসেম্বর, ২০২৫
ডা.এম.এ.মান্নান,
ছবি: আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, ব্যবসা বিভাগের সভাপতি আব্দুর রশিদ হারুন এবং নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন ও সেক্রেটারি মো. মিজানুর রহমান।
এছাড়াও উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, সদর ইউনিয়ন যুব জামায়াত সভাপতি মো. সাইদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর স্মৃতি চারণ করে বলেন, "শহীদ হাদী ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল এক আদর্শবান কর্মী। ইসলামী আন্দোলনের জন্য তাঁর এই আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না, বরং তা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকে আরও বেগবান করে।"
নেতৃবৃন্দ আরও বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ঈমানি দৃঢ়তা এবং আত্মত্যাগের মানসিকতা প্রয়োজন। তারা দেশের যুব সমাজকে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জামায়াতের নেতাকর্মী, সমর্থক ছাড়াও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
Good news
Good