২২ সেপ্টেম্বর, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: নাগরপুরে সারোটিয়াগাজী রাস্তার বেহাল দশা দুর্ভোগে হাজারো মানুষ
নাগরপুরে সারোটিয়াগাজী রাস্তার বেহাল দশা দুর্ভোগে হাজারো মানুষ
মোঃ সোহেল রানা
নাগরপুর(টাঙ্গাইল)ভ্রাম্যমাণ প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। দৃষ্টি দেওয়ার সময় নেই যেন কারো, কোন অজ্ঞাত কারণে এ বেহাল দশা।খানাখন্দে ভরা এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। অথচ সড়কটি সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন, ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন দপ্তিয়র ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে, এটি যান চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টি হলেই কাদা ও গর্তের কারণে ছোট-বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ফলে মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া গ্রামীণ এই জনগোষ্ঠীর জন্য চরম দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খারাপ ও যোগাযোগ ব্যবস্থার নাজুক থাকার কারণে এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে।
রাস্তাটির করুণ চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মো. মুখলেছ রানা বলেন, আমাদের এলাকার রাস্তার এমন বেহাল দশা যে, আত্মীয়-স্বজনরা এখন আর সম্বন্ধ করতে চায় না, হচ্ছে সুসম্পর্কের অবনতি। দেশের স্বাধীনতার দীর্ঘদিন পার হলেও এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।"
স্থানীয় বাসিন্দা মো.শামসুল আলম জানান, "রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল মেলেনি। আমরা চাই দ্রুত এ সমস্যার অবসান ঘটুক।"
এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ সিদ্দিকী জানান, "সারোটিয়াগাজী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গ্রাম। চেয়ারম্যান হিসেবে শুরু থেকেই আমি এই রাস্তার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি। তবে ইউনিয়ন পরিষদের সীমিত বরাদ্দ দিয়ে সরাসরি পাকা রাস্তা করা সম্ভব নয়। তা সত্ত্বেও সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।"
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সদয় দৃষ্টি ও সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।