২১ নভেম্বর, ২০২৬
ছবি: হবিগঞ্জে এক সভায় বক্তব্য রাখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।’
এ সময় স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘স্যারের ডিলার কাকে দিয়েছেন?’ পাশ থেকে একজন আওয়ামী লীগকে দেওয়া হয়েছে বলে উত্তর দেন।
বক্তব্যের একপর্যায়ে সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানান, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।
রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তাঁর এমন বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইউএনও, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।’
Good news
Good
wonderful news