২৬ নভেম্বর, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: সভাপতি ও সেক্রেটারি
টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দিন পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজিব আহমেদ নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২৩ নভেম্বর) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ সারির কারণে বিকেল ৪টার পরও ভোট গ্রহণ অব্যাহত রাখা হয়। ভোট গণনা শেষে রাতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস সালাম। এ সময় রিটার্নিং কর্মকর্তা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে বজলুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে রাজিব আহমেদ নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে শহিদুর রহমান শহিদ, মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন,ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. লাভলু মিয়া নির্বাচিত হয়েছেন। তফসিল অনুযায়ী কোষাধ্যক্ষ পদে মো. কবির হোসেন কাজল এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নুরুজ্জামান, শহর আলী, শফিকুল ইসলাম, সোহেল রানা ও মজনু নির্বাচিত হন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র রও বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশি সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি বজলুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নাগরপুর বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবো।
Good news
Good
wonderful news