১০ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম

১০ নভেম্বর, ২০২৬

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম; ইনসেটে তাঁর বৃদ্ধ মা মোছা. নুরজাহান বেগম।

বিদেশ মিশনে আকাঙ্খা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তাঁর কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম। সীমিত বেতনে সংসার চালানোর পাশাপাশি মায়ের চিকিৎসা ও সেবাযত্ন করেই কাটছে তাঁর দিন। মাতৃভক্তি ও মানবিকতার এই দৃষ্টান্ত এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।

জানা যায়, সম্প্রতি করিমের মাতৃভক্তি ও দায়িত্বশীলতার কথা শুনে এলাকার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তাঁকে বিদেশি মিশনে যাওয়ার জন্য সুপারিশ করার প্রস্তাব দেন। কিন্তু অসুস্থ মায়ের কথা ভেবে সেই সুযোগ নিতে সম্মতি দেননি তিনি।
কেন এমন সুযোগ ফিরিয়ে দিলেন—এমন প্রশ্নের জবাবে করিম জানান, তাঁর বৃদ্ধ মা অত্যন্ত অসুস্থ। নিজে নিজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। মায়ের দেখাশোনা করার মতো দ্বিতীয় কেউ নেই। তাঁর স্ত্রীও একা মায়ের সম্পূর্ণ সেবা করতে পারবেন না। তাই বিদেশে গিয়ে সুযোগ-সুবিধা ভোগ করার চেয়ে মায়ের পাশে থাকাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

আব্দুল করিমের মা মোছা. নুরজাহান বেগমের বয়স প্রায় ৭৫ বছর। ছেলের ওপর নির্ভর করেই তাঁর দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়। করিমের বাবার নাম মৃত সুধন মিয়া। তাঁদের বাড়ি মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে। ১৩ জানুয়ারি ২০২০ সালে উপজেলার জগদীশপুর ইউনিয়নে আনসার প্লাটুন কমান্ডার হিসেবে যোগদান করেন তিনি। বর্তমানে মাধবপুর উপজেলায় ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সীমিত সরকারি বেতনে সংসার পরিচালনার পাশাপাশি মায়ের চিকিৎসা ও সেবাযত্ন করে যাচ্ছেন তিনি। এ নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। বরং মায়ের সেবা এবং দেশের দায়িত্ব পালন—দুটোকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন।
পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও আব্দুল করিমের সুনাম রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা কার্যক্রম, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় বাঘাসুরা ইউনিয়নে আনসার-ভিডিপি ক্লাবের জন্য সরকারি জায়গা উদ্ধারের ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে।

আব্দুল করিম বলেন, “কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করি। যে বেতন পাই, তা দিয়ে কষ্ট হলেও মায়ের সেবা করার চেষ্টা করি। মায়ের সেবা আর দেশের সেবা—এই দুটি দায়িত্ব পালন করেই আমি শান্তিতে আছি।”

জগদীশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী এখলাছুজ্জামান ভূঁইয়া বলেন, “করিম আমাদের পরিচিত মুখ। তিনি অত্যন্ত মাতৃভক্ত ও সৎ আনসার সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এমন দায়িত্বশীল ভূমিকার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।”

স্থানীয় শিক্ষক নেতা ও সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, “করিম ভাইয়ের মায়ের প্রতি ভালোবাসা ও সেবার ঘটনা শুনে হজরত উয়াইস আল-কারনি (রহ.)-এর কথা মনে পড়ে গেল। তিনিও বৃদ্ধ মায়ের সেবার দায়িত্ব পালনের কারণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেননি। মায়ের প্রতি তাঁর ভালোবাসা ও আনুগত্য ছিল অতুলনীয়। আমার বিশ্বাস, করিমের এই নিঃস্বার্থ মাতৃসেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হবে।”

মাধবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুকুল খানম বলেন, “করিম আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন সদস্য। শুনেছি, তিনি তাঁর বৃদ্ধ মাকে অত্যন্ত যত্ন ও সেবাশুশ্রূষা করেন। আমরা তাঁর ও তাঁর পরিবারের মঙ্গল এবং সাফল্য কামনা করি।”
অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি উপেক্ষা করে অসুস্থ মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন করিম। তাঁর এই মাতৃভক্তি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার এক মানবিক দৃষ্টান্ত।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news