২৫ নভেম্বর, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ -২ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার বেলা ১টায় শহরের লা এলিমেন্তো রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে সদ্য ঘোষিত এমপি পদপ্রার্থী ও জেলা সভাপতি ডা এইচ এম মোমতাজুল করীম-এর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা সভাপতি ডা এইচ এম মোমতাজুল করীম তার লিখিত বক্তব্যে বলেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে জনগণের সেবা ও আদর্শিক রাজনীতির ধারাকে অব্যাহত রাখার জন্য দলীয় মনোনয়ন প্রদান করেছে। তিনি নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বক্তব্যের প্রধান দিকসমূহ:
১. সৎ, আদর্শিক ও সেবাভিত্তিক নেতৃত্ব গঠনের অঙ্গীকার
২. ঘরোয়া সভা, উঠান বৈঠক ও ভোটার যোগাযোগের মাধ্যমে প্রচারণা শুরু
৩. তরুণদের ভূমিকা ও ডিজিটাল প্রচারণার ওপর জোর
৪. এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবসম্মত পরিকল্পনা
৫. নির্বাচনে অর্থবল ও প্রশাসনিক জটিলতার মতো সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল
তিনি বলেন, “জনগণ পরিবর্তন চায়—কিন্তু শুধু পরিবর্তন নয়, সঠিক পরিবর্তন। আমরা স্বচ্ছতা, ন্যায়বিচার, নিরাপত্তা এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।"
এছাড়া তিনি সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ, নির্মোহ ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরাও নির্বাচনী প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।
সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমপি পদপ্রার্থী। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা সভাপতি ও ঝিনাইদহ -২ আসনের এমপি পদপ্রার্থী ডা. এইচ এম মোমতাজুল করীম। সহ-সভাপতি জনাব আলী মোর্তুজা, সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ রাসেল উদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মুহাম্মদ আলী হুসাইন, পৌর সভাপতি মাওলানা রুহুল আমিন খান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন আল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচ এম নাঈম মাহমুদ।