১৫ অগাস্ট, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের সদর উপজেলা থেকে মসজিদে জুমার নামাজ পড়ার সময় এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বংকিরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল জুয়েল জুম্মার নামাজ পড়তে সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদে যান। তিনি মসজিদের বাইরে তার এফজেড মডেলের মোটরসাইকেলটি রেখে নামাজে দাঁড়ান। নামাজ শেষ করার পর মোটরসাইকেলটি আর পাননি।
মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়ারদার জানান, মুহূর্তের মধ্যে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে। এ সময় আরো একটি সাইকেলের লক বা তালা নষ্ট করেছে চোরেরা। তিনি বলেন, মসজিদ থেকে সাইকেল চুরি ঘটনা খুবই উদ্বেগজনক ও দুঃখজনক।
বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নিজেও এ সময় মসজিদে ছিলেন। নামাজ শেষের পর মোটরসাইকেলটি পাওয়া যায়নি এবং সম্ভবত নামাজ চলাকালীন সময় চোরেরা এটি নিয়ে পালিয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে আশপাশের পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সাইকেলটি উদ্ধারের জন্য।