১৮ অক্টোবর, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে সোহান মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বকশি-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহান ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। অভিযুক্ত সুমন তার আপন বড় ভাই।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বিকেলে সুমন মন্ডলের সঙ্গে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। এর জের ধরে পরে ছোট ভাই সোহানের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
সোহানের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত সুমন মন্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Good news
Good
wonderful news