০৭ নভেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: জাহাঙ্গীর আলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে তিনি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনীবাজার ও দোয়ারাবাজারের নরসিপুর বাজার সহ বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, 'আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।'
তিনি আরও বলেন, 'বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।'
জাহাঙ্গীর আলম জানান, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নাজুক যোগাযোগব্যবস্থা দ্রুত উন্নয়নের উদ্যোগ নেবেন তিনি।
বেশিরভাগ রাস্তারই বেহাল দশা; জনগণের ভোগান্তি লাঘবে এসব রাস্তা সংস্কার করা এখন অত্যন্ত জরুরি,— বলেন তিনি।
এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান,
'আমি জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।'
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তারা তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন। তিনি দোয়ারাবাজারের নরসিংপুরে তার নিজ গ্রামে মা-বাবার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন।