০৫ নভেম্বর, ২০২৫
মোঃ শাহরিয়ার,
ছবি: বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ,নিহত পাঁচ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আনন্দযাত্রা পরিণত হলো মৃত্যুযাত্রায় ।
আজ বুধবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে।আহত আরও দুইজনকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় চিৎকার-চেঁচামেচিতে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। গুরুতর আহত দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ সংঘর্ষ ঘটে। দুটি গাড়িকেই জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন এবং তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।
এই ঘটনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা বলেন, এই এলাকাটি মহাসড়কের অন্যতম দুর্ঘটনাপ্রবণ অংশ। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তাঁরা প্রশাসনের কাছে সড়ক প্রশস্তকরণ ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে গত এক বছরে বড়-ছোট মিলিয়ে অন্তত ৫০টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে নিরাপদ সড়কে পরিণত করতে সড়ক সংস্কার করে ৬ লেনের উত্তীর্ণের বিকল্প নাই