২৭ জানুয়ারী, ২০২৬
মোঃ সাইফুল ইসলাম,
ছবি: গণভোটের প্রচারণার ছবি
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’—যে ফলই জয়ী হোক না কেন, তার প্রেক্ষিতে সংবিধানে কী ধরনের পরিবর্তন ও নতুন সংযোজন আসতে পারে—এ নিয়ে বাসাইলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে উপজেলার ইফার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আকলিমা বেগম। তিনি গণভোটের সাংবিধানিক গুরুত্ব, সম্ভাব্য সংশোধনের উদ্দেশ্য, রাষ্ট্র ও নাগরিক জীবনে এর প্রভাব এবং নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
ইউএনও মোছাঃ আকলিমা বেগম বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। ‘হ্যাঁ’ অথবা ‘না’—উভয় ক্ষেত্রেই সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। এসব বিষয়ে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রশ্নোত্তর ও গঠনমূলক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।