০৩ অগাস্ট, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: জুলাই জাগরণ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’
চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীর শাহবাগে ‘জুলাই জাগরণ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সদস্য সচিব ড. মোহাম্মদ বেলাল হোসেন।
দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে ১৬টি অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও অনার্স সমমানের প্রতিষ্ঠানের ১০৪টি দল অংশ নেয়। আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৩২টি দল জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় রুয়েট ডিবেটিং ক্লাব (RUET DC) এবং ডিবেট ক্লাব অব নওগাঁ।
ফাইনালের মোশন ছিল— “এই সংসদ, বিরোধী রাজনৈতিক জোট হিসেবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর গণআন্দোলন গড়ে তোলাকে অগ্রাধিকার দেবে।” বিচারকদের রায়ে মোশনটি গৃহীত না হওয়ায় রুয়েট ডিবেটিং ক্লাব (RUET DC) চ্যাম্পিয়নের এবং ডিবেট ক্লাব অব নওগাঁ রানার্সআপের গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দল ছাড়াও সেরা বিতার্কিক, ফাইনালের সেরা বিতার্কিক এবং সেমিফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট, সনদ ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক আয়োজন তরুণদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।