১৪ নভেম্বর, ২০২৬
মোঃ আশিকুর রহমান,
ছবি: প্রতীকী ছবি
রাজধানীতে নাশকতার সঙ্গে জড়িত এবং মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) আকতার হোসেন এসব তথ্য জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
ডিসি আকতার জানান, ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করে ডিএমপি। আর উত্তরা পূর্ব থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑশামীম হোসেন, মিরাজ উদ্দিন মিয়া, মকবুল হোসেন, ওসমান গনী ওরফে ইউসুফ, মো. শান্ত, সাজেদুল ইসলাম, মো. দীপ্ত, শোয়েব শাহিন, মো. হানিফ (৩৭), মো. রায়হান (২৬) ও মারুফ আহমেদ। তাদের আদালতে পাঠানো হয়েছে।
উত্তরায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, তিনি তুরাগ থানা আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। এছাড়া তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।
মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানার পুলিশ। এছাড়া পৃথক অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় মিরপুর-২ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
খিলগাঁও থানা এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন শামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নন্দীপাড়া ছোট বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে উপস্থিত জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ। গতকাল দুপুরে খাজা মার্কেটের সামনে আকস্মিক বিকট শব্দে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজ শেষে ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রলীগের ২০-২৫ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুরাগ থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন ও রিফাতকে আটক করে। ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার, আমিই জয় বাংলার লোক’ লেখা ফেস্টুন উদ্ধার করে।
দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫
নাশকতা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুরে পদ্মা সেতুর টোলপ্লাজায় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের চার নেতা। এছাড়া হবিগঞ্জের বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহের গফরগাঁও, নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নওগাঁ পুলিশ সুপারের অফিস সূত্রে জানা যায়, সদর থানা পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑজেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন, নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), ছাত্রলীগের সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান।
পত্নীতলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানা পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করে। জেলার বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সেলিম রেজা রিপন (৫২) উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।
ওসি মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবারে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।