০২ অগাস্ট, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: ছাত্রশিবির-এর ১৪তম ইয়ুথ সামিট-২০২৬
“Awaken Yourself: Harmonize Spirituality With Skills To Lead The World”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ১৪তম ইয়ুথ সামিট-২০২৬ রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ সামিটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সারাদেশের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল সাড়ে ৭টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও দারসুল কুরআনের মাধ্যমে সামিটের কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার সূরা কাহফের ৪৭ থেকে ৪৯ নম্বর আয়াতের ওপর দারস পেশ করেন। পরে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দিনব্যাপী সামিটে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, একাডেমিক উৎকর্ষ, স্কিল ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, একবিংশ শতাব্দীর নেতৃত্ব গঠন এবং উম্মাহর উন্নয়ন ও কল্যাণে জ্ঞান ও মেধার কার্যকর ব্যবহারের ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া প্যানেল আলোচনা ও দিকনির্দেশনামূলক অধিবেশনে অংশগ্রহণকারীরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পান।
সমাপনী পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সাবেক ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।