১৪ মার্চ, ২০২৬
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: পুরস্কার বিতরণের সময় এমপি ডঃ ইকরামুল বারী টিপু
৫ টাকার নোটের কুসুম্বা শাহী মসজিদে দুই দিনব্যাপী ইসলামী প্রতিযোগিতার সমাপ্তি
৫ টাকার নোটে স্থান পাওয়া নওগাঁর মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে সম্পন্ন হলো ব্যতিক্রমী এক আয়োজন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মসজিদ কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়া দুই দিনব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘ইসলামের আলো’ শনিবার বিকেলে বর্ণাঢ্য পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকার স্কুল ও মাদ্রাসা থেকে আগত শিশু-কিশোর ও প্রতিযোগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন এই স্থাপত্যের আঙিনা। প্রতিযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, ইসলামী সংগীত এবং আযান—এই চারটি বিভাগে প্রতিযোগীরা তাদের মেধা ও প্রতিভা তুলে ধরে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগীদের বয়স অনুযায়ী তিনটি গ্রুপে ভাগ করা হয়েছিল। ‘ক’ গ্রুপে অনূর্ধ্ব ৭ বছর বয়সী শিশু, ‘খ’ গ্রুপে ৮ থেকে ১৪ বছর বয়সী কিশোর এবং ‘গ’ গ্রুপে ১৫ বছর ও তদূর্ধ্ব সাধারণ বিভাগের প্রতিযোগীরা অংশ নেয়। বালক ও বালিকা উভয় ক্যাটাগরিতেই প্রতিযোগীরা অংশ নিলেও নিয়ম অনুযায়ী আযান ছাড়া বাকি সব ইভেন্টে বালিকারা অংশগ্রহণের সুযোগ পায়।
পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিযোগী মরিয়ম আক্তার ও শামীম রেজা জানায়, ৫ টাকার নোটে যে মসজিদের ছবি ছোটবেলা থেকে দেখে আসছি, আজ সেই ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ও পুরস্কার পেয়ে আমাদের খুব ভালো লাগছে। ইউএনও স্যার ও এমপি স্যারের হাত থেকে পুরস্কার পাওয়াটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই স্মৃতি আমরা সারাজীবন মনে রাখব।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, কুসুম্বা শাহী মসজিদ আমাদের ঐতিহ্যের প্রতীক। রমজানের পবিত্রতা ও ইসলামের সঠিক সংস্কৃতি ছড়িয়ে দিতে এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইসলামি চর্চা বৃদ্ধি করা এবং পাঠ্যবইয়ের বাইরে শুদ্ধভাবে ইসলামি সংস্কৃতি চর্চায় তাদের উৎসাহিত করা। কুসুম্বা মসজিদের মতো একটি পুণ্যভূমিতে এ ধরনের আয়োজন সত্যিই সার্থক হয়েছে।
অনুষ্ঠানের শেষ দিনে ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন বিভাগের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, মসজিদ কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ইসলামী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
Good news
Good