১৪ মার্চ, ২০২৬
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: এমপি ডাঃ টিপুর উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
নওগাঁর মান্দায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এক বিশেষ অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। কর্মসূচির সভাপতিত্ব করেন মান্দা উপজেলাা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
এমপি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ডাবের খোসা, মাটির পাত্র বা যেকোনো পরিত্যক্ত জায়গায় যেন পানি জমে না থাকে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। মশার প্রজনন রোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি শনিবার নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। আজ বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পরিবেশ এবং এর চারপাশ দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে এবং মশক নিধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Good news
Good