২৪ নভেম্বর, ২০২৬
ছবি: নির্যাতিতা বৃদ্ধা আলতামুন্নেছা বেগম
স্বামীর রেখে যাওয়া তিন শতক জমিই তাঁর শেষ সম্বল। সেই জমিতে জীবনের শেষ দিনগুলো কাটাতে চান হতদরিদ্র বিধবা বৃদ্ধা আলতামুন্নেছা বেগম(৭০)।
কিন্তু জমিটি কিনে নেওয়ার জন্য তাঁর ভাতিজা খোরশেদ মিয়া ও দেবর বাচ্চু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে পাঁচ বছর ধরে নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।
প্রশাসনের কাছে যতবার বিচার চেয়েছেন, ততবারই নির্যাতনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ তাঁর। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিচার চেয়েও প্রতিকার না পেয়ে এখন মাজারে মাজারে ঘুরে আল্লাহর কাছে বিচার, শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছেন এই বৃদ্ধা।
বৃদ্ধার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের খাইরুল মিয়াদের বাড়ির পাশে। তিনি নিঃসন্তান নন, তাঁর একটি মেয়ে রয়েছে।
তবে কোনো ছেলে সন্তান নেই। মেয়েটি স্বামীর বাড়িতে থাকেন। মানুষের বাড়িতে কাজ, রাস্তাঘাটে দিনমজুরির কাজ এবং মানুষের সহযোগিতা নিয়ে কোনোরকমে জীবিকা নির্বাহ করেন আলতামুন্নেছা।
স্বামীর শেষ স্মৃতিচিহ্ন হিসেবে জমিটুকু বিক্রি করতে চান না তিনি। ওই জমিতেই জীবনের শেষ দিন কাটাতে চান। কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।
তাঁর দাবি, দিনরাত ঘরের চালে ঢিল ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে নারকেল গাছ থেকে শব্দ হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া খামারের ময়লা-আবর্জনা ও বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে তাঁকে অতিষ্ঠ করা হচ্ছে।
এ ঘটনায় বৃদ্ধা ইউএনও, ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাবেক ইউএনও জাহিদ বিন কাসেম একবার সরেজমিনে তাঁর বাড়ি পরিদর্শনও করেছেন।
তাঁকে নির্যাতনের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। ইউএনও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিলেও ২৪ নভেম্বর পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ তাঁর। কিছুদিন আগে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো কার্যকর কোনো আইনি প্রতিকার পাননি বলে জানান বৃদ্ধা।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও ন্যায়বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন আলতামুন্নেছা। তাঁর অভিযোগ, এই অসহায়ত্ব থেকেই এখন স্থানীয় বিভিন্ন মাজারে মোমবাতি ও দুধ দিয়ে আল্লাহর কাছে বিচার চাইছেন। সম্প্রতি স্থানীয় ফতেহ আলী মাজারেও ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তার আশায় জিয়ারত করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া ও খোরশেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, তাঁরা শুধু জমিটুকু কিনতে চান।
স্থানীয় জাতীয় কৃষক নেতা মধু মিয়া বলেন, হরিণখোলা গ্রামের কিছু মানুষের কারণে আজ বৃদ্ধা মহিলার এমন করুণ দশা। তাঁকে ন্যায়বিচার দেওয়া হোক।
কান্নাজড়িত কণ্ঠে আলতামুন্নেছা বলেন, “আমি দিনমজুরের কাজ করি, কখনো ভিক্ষা করেও জীবন চালাই। আমার জমিটুকু দখল করার জন্য তারা আমাকে নির্যাতন করে শেষ করে দিচ্ছে। এলাকার এমন কোনো সরদার বা বিচারক নেই, যাঁর কাছে আমি যাইনি। এখন আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে তারা। মাননীয় এমপি মহোদয় ও প্রধানমন্ত্রী, আপনারা আমাকে রক্ষা করুন।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এখানে ব্যর্থ। বৃদ্ধাকে নিরাপত্তা দেওয়া হোক, তাঁকে ন্যায়বিচার দেওয়া হোক।”
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “আমরা বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম। বিষয়টি পুলিশের। তারা আইনগত ব্যবস্থা নেবেন।”
পাঁচ বছর ধরে জমি নিয়ে বিরোধ ও নির্যাতনের অভিযোগের প্রতিকার না পাওয়ার দাবি করে মাজারে মাজারে ঘুরছেন এই বৃদ্ধা। তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত, জীবনের নিরাপত্তা এবং স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Good news
Good
wonderful news