১৪ অগাস্ট, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশন: ভোলাহাট চাঁনশিকারী কোম্পানীর চামুশা সীমান্ত দিয়ে ফের ১৩ জনকে পুশব্যাক করেছে ভারতীয় বিএসএফ। আটককৃতরা এবং বিজিবি সদস্যদের দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানীর টহলরত সদস্যরা তাদের আটক করে।
জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে ১৩ জনকে পুশব্যাক করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।
পুশব্যাক করা ব্যক্তিরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মোঃ রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মোঃ মেহেদী হাসান মুন্না (২৯), মোঃ সেলিম (২৯), মোঃ রুলাস (৩২), মেহের আলী (৩২), মোঃ রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোঃ মোশারফ আলী (২১)।
বিজিবি ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এবং চাঁনশিকারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী পুশব্যাকের ঘটনাটি স্বীকার করেছেন।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। সাজা ভোগ শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস সীমানা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।
উল্লেখ্য, একই উপজেলার মাধ্যমে গত ০৩ জুন ২০২৫ ভোলাহাট সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপির এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।