০২ জানুয়ারী, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: হাত মেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল হাত মেলা। প্রতি বছরের ন্যায় এবারও রুহিয়ার মধুপুর গুদাম পাড়া এলাকায় একদিনের জন্য এই বিশেষ মেলার আয়োজন করা হয়। স্থানীয় জনশ্রুতি ও প্রবীণদের মতে, কয়েক বছর আগে মধুপুর গুদাম পাড়া এলাকায় অলৌকিকভাবে একটি গাছের শিকড় থেকে মানুষের হাতের আকৃতি সদৃশ বস্তু দেখা যায়। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন শুরু করেন। সময়ের বিবর্তনে সেই অলৌকিক বিশ্বাসের জায়গা থেকেই এই ‘হাত মেলা’র উৎপত্তি ঘটে। মধুপুর গুদাম পাড়া এলাকায় আয়োজিত এই মেলায় গিয়ে দেখা যায়, দিনভর সেখানে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা প্রাঙ্গণে সারিবদ্ধভাবে বসেছে হরেক রকমের দোকান। শিশুদের খেলনা, রকমারি মিষ্টির সমাহার এবং ধর্মীয় সামগ্রীর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মেলায় আসা দর্শনার্থীরা। স্থানীয়রা জানান, মেলাটি এখন আর শুধু একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি এলাকার মানুষের কাছে সামাজিক মিলনমেলার এক বড় উৎসবে পরিণত হয়েছে। মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে বইছে উৎসবের আমেজ, ঘরে ঘরে সমাগম ঘটেছে আত্মীয়-স্বজনের।
Good news
Good