২৯ ডিসেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: সুনামগঞ্জ- ৫ আসনে সংসদ নির্বাচনে অংশ নিতে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ছাতকে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
দিনের শুরুতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আবদুল কাদির।
তিনি মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কেএম সোলাইমান তালুকদার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই।
এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
বেলা আড়াইটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী।
বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। এর আগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহর কাছে মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনীত প্রার্থী আজিজুল হক।
মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রায় ৪ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।
Good news
Good