১২ নভেম্বর, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: তোশক দোকান
উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এবার কিছুটা আগেভাগেই শীতের আমেজ শুরু হয়েছে। দিনের বেলায় মিষ্টি রোদ থাকলেও সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারের লেপ-তোশক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোতে চলছে তুলা ধুনাই, কাপড় কাটা ও সেলাইয়ের কাজ।
রুহিয়া রামনাথ বাজারের লেপ ব্যবসায়ী মো. তাহিরুল ইসলাম জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গে লেপ-তোশকের অর্ডার বাড়তে শুরু করেছে। বর্তমানে তাঁর দোকানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি লেপ বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে ৫ বাই ৫ হাতের একটি লেপ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা, তোশক ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা, বালিশ ২৫০ থেকে ৩০০ টাকা এবং কোলবালিশ ৪০০ থেকে ৭০০ টাকায়।
দোকানে কাজ করতে দেখা যায় কারিগর মো. ফিরোজ ইসলাম ও মো. এনামুল হককে। তাঁরা জানান, গত বছরের তুলনায় এবার শীতের শুরুতেই কাজের চাহিদা ভালো। প্রতিটি লেপ তৈরি করে মজুরি হিসেবে তাঁরা ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করছেন।
একই বাজারের কারিগর মো. গিয়াস উদ্দিন বলেন, শীত যত বাড়বে, কাজের চাপ ও অর্ডারও তত বাড়বে। তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি।
এদিকে শীতের প্রস্তুতি নিতে বাজারে লেপ কিনতে আসছেন বিভিন্ন এলাকার ক্রেতারা। ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন থেকে লেপ কিনতে আসা মনোরঞ্জন রায় বলেন, এবার শীত কিছুটা আগেভাগে শুরু হওয়ায় লেপ কিনতে এসেছেন। ভালো মানের তুলা ব্যবহারের কারণে গত বছরের তুলনায় লেপের দাম প্রায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি হলেও মান ভালো বলে জানান তিনি।
ক্রেতা বিকাশ চন্দ্র রায় ও যোগেশ রায় বলেন, দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যা নামার পর ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। তাই শীতের তীব্রতা বাড়ার আগেই লেপ কিনতে এসেছেন। পাশাপাশি পুরোনো লেপে নতুন তুলা দিয়ে মোটা করে সংস্কারও করিয়ে নিচ্ছেন। এতে নতুন লেপ কেনার তুলনায় খরচ অনেক কম হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রুহিয়া বাজারে লেপ-তোশক তৈরির দোকানগুলোতে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও কারিগররা। আগাম এই চাহিদায় তাঁদের মুখেও ফুটেছে সন্তুষ্টির হাসি।
Good news
Good
wonderful news