১৩ অক্টোবর, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: পুরস্কার বিতরণ
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে আসাননগর তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাটিয়াডাঙ্গী একাদশ।
বিকেলে রুহিয়া প্রগতি সংঘ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাটিয়াডাঙ্গী একাদশ। অন্যদিকে, রানারআপ হওয়ার গৌরব অর্জন করে আসাননগর তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ও প্রগতি সংঘের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক, ৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, অ্যাডভোকেট সিরাজুম মুনিব সাইমুম, গিন্নিদেবী আগরওয়ালা মহাবিদ্যালয়ের ইংরেজি (প্রভাষক) শফিক ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক খেলোয়াড় ভয়েল কুমার সেন রিপন, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল সাদিক মিলন, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় আব্দুল জলিল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিব, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় ও সাংবাদিক আহসান হাবিব রুবেল এবং সাবেক খেলোয়াড় নিরঞ্জনসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় সাব্বির হোসেন। খেলা পরিচালনা করেন বিপুল দাস, রমজান আলী ও চঞ্চল।
খেলা দেখতে প্রগতি সংঘের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তাঁরা উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।