১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: পুঠিয়ায় তানজিমকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
হাতুড়িপেটা করে শিশু তানজিমকে হত্যার চেষ্টা করে এলাকার কুখ্যাত কিশোর গ্যাং সদস্য নয়ন ও সহযোগী রাব্বি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২রা সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার, পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকায় শিশু মো. তানজিম ইসলাম সৌরভকে(১৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য নয়ন(১৭) ও রাব্বি(১৬) নামের দুই কিশোর এই নির্মম হামলার জন্য দায়ী। তারা শুধু তানজিমকে গুরুতর আহত করেই ক্ষান্ত হয়নি, বরং তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দিয়েছে রাব্বি, নয়ন ও নয়নের পরিবারের সদস্যরা। যাতে তারা কোনো আইনি পদক্ষেপ না নেয়।
অনুসন্ধানে জানা যায়, গত ২রা সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার শিশু তানজিমকে খেলার কথা বলে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাং সদস্য নয়ন ও রাব্বি। তারা তাকে একা পেয়ে নয়ন, রাব্বিকে ভুক্তভোগী তানজিমের মুখ চেপে ধরতে বলে, এবং রাব্বি মুখ চেপে ধরলে নয়ন তানজিমের উপর হাতুড়ি ও চেইন দিয়ে উপরযুপরী হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তানজিমকে হাতুড়ি দিয়ে মাথায় এবং চেইন দিয়ে শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাত করে। এ সময় তানজিম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি রড দিয়ে আগাত করতে থাকে।
ঘটনা চলাকালীন আক্রান্ত তানজিম চিৎকার করতে থাকলে, তার দাদীসহ এলাকাবাসী রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তানজিমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তার চিকিৎসা দিতে ব্যার্থ হলে, পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে রিলিজ দেওয়া হলেও তানজিম শুদ্ধভাবে কথা বলতে পারছে না এবং তার একটি হাত অকেজ হয়ে পঙ্গু হয়ে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়াও এই হামলার পর থেকেই কিশোর গ্যাং সদস্য নয়ন ও রাব্বির পরিবারের লোকজনেরা, ভুক্তভোগী তানজিমের বাবা-মা ও পরিবারের লোকজনদের মারধরের হুমকি-ধামকি সহ প্রাণ নাশেরও হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসীরা বলেছে, যদি এই বিষয়ে পুলিশ বা মিডিয়ার কাছে যাওয়া হয়, তাহলে তাদের পুরো পরিবারকে মেরে ফেলা হবে।
এই হুমকির কারণে প্রথমে তারা ভয়ে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তবে শিশু তানজিমের করুণ অবস্থা এবং সমাজের লোকজনদের পাশে থাকার আশ্বাস পেয়ে, তারা অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন। ৪ই সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবারে করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে কিশোর গ্যাং সদস্য নয়ন ও রাব্বির বিরুদ্ধে এক সাধারণ মারামারির মামলা রজু করেন পুঠিয়া থানা পুলিশ।
এবং মামলার আসামি রাব্বি এখনও এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে তানজিমের বাবা-মা ও এলাকাবাসী দাবি করেন। এমতাবস্থায়, তানজিমের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু বিচার না পাওয়ার আশঙ্কা থেকে সুষ্ঠু বিচার পাওয়ার আশায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উক্ত মানববন্ধনটি আজ ১৭ই সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকেল পাঁচ ঘটিকার সময় পুঠিয়া উপজেলার শিবপুর হাটে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করে। ব্যানার ও ফেস্টুনে তারা 'শিশু নির্যাতন বন্ধ হোক', 'তানজিম হত্যাচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই' এবং 'নয়ন ও রাব্বিকে দ্রুত গ্রেফতার করো' ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে। এবং এই ভয়ংকর কিশোর গ্যাং সদস্য নয়ন ও রাব্বিকে গ্রেফতারে পুলিশের উদাশীনতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ও সুষ্ঠু বিচার পাওয়ার ক্ষেত্রে আশংকা প্রকাশ করে, এক্ষেত্রে সংশ্লিষ্ট উপর মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেনকে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন না।