২৭ সেপ্টেম্বর, ২০২৫
সাবিক ওমর (সবুজ),
ছবি: প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বগুড়ায় মানববন্ধন
বগুড়ায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর বগুড়া জেলা শাখার উদ্যোগে "গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে" মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর বগুড়া শহরের 'জুলাই স্তম্ভের' সামনে সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনায় বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমদ সরকার এর সভাপতিত্বে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের মজলিসে ক্বারারের সদস্য শাইখ হাফিয আব্দুর রউফ।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রমুখ শুব্বান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”
এসময়, বক্তারা সাম্প্রতিক প্রজ্ঞাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের এই প্রজ্ঞাপন জনমানুষের সেন্টিমেন্ট বিরোধী এবং পতিত স্বৈরাচারের মতন একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ। অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক প্রসারের আশঙ্কা রয়েছে।
Good news
Good