০৩ অক্টোবর, ২০২৬
জহিরুল ইসলাম,
ছবি: মাদক কারবারিরা ও গ্রামবাসী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর এলাকায় দুই মাদক ও ইয়াবা কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় যুবক ও গ্রামবাসীরা।
রবিবার দুপুরে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জিনদপুর ও আশপাশের এলাকার যুবকরা বিভিন্ন স্থানে নজরদারি চালান। এ সময় জিনদপুর গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে সালাউদ্দিন (২২) এবং বাংগরা এলাকার ভাড়াটিয়া রুবেল মিয়াকে (স্থায়ী ঠিকানা হায়দারাবাদ বলে জানা গেছে) সন্দেহজনকভাবে মাদক লেনদেনের সময় হাতেনাতে আটক করা হয় বলে স্থানীয়রা দাবি করেন।
পরে বিষয়টি নবীনগর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় যুবকদের দাবি, সমাজ থেকে মাদক নির্মূল করতে তারা দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে উল্লেখ করে তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন। জিনদপুর গ্রামের যুবক মোহাম্মদ রাকিব বলেন, “আমরা চাই আমাদের গ্রাম ও সমাজ মাদকমুক্ত থাকুক। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর স্থান আমাদের সমাজে নেই।”
Good news
Good
wonderful news