২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: মেম্বার পদপ্রার্থী মো.তারিকুল ইসলাম
আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (দুয়াজানী) এলাকার মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম মরহুম আইয়ুব আলীর নাতি এবং মরহুম আব্দুল কাইয়ুমের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিকভাবে তিনি একটি সুনামধন্য ও সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী, মানবিক ও দায়িত্বশীল স্বভাবের জন্য এলাকাবাসীর কাছে সুপরিচিত।
শিক্ষাজীবনে তিনি যদুনাথ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট-এর কম্পিউটার বিভাগ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিওইউ থেকে ডিগ্রি সম্পন্ন করে প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করেন। শিক্ষাজীবন শেষে কর্মজীবনেও তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে এগিয়ে চলেছেন।
বর্তমানে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নাগরপুর এজেন্ট শাখায় ক্যাশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নাগরপুর উপজেলা সংবাদদাতা হিসেবেও কর্মরত আছেন। ব্যাংকিং সেবা ও সাংবাদিকতার মাধ্যমে তিনি প্রতিনিয়ত মানুষের কাছাকাছি থাকার সুযোগ পাচ্ছেন, যা তাকে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে।
প্রার্থীতা ঘোষণা করে ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম বলেন,আমি জনপ্রতিনিধিত্বকে সেবা হিসেবে দেখি। আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করবো। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করবো। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
এ বিষয়ে ৩নং ওয়ার্ডের এক ভোটার বলেন,মো. তারিকুল ইসলাম ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও সাহায্যপ্রবণ। ব্যাংকের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতা করে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরছেন। আমরা চাই একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।
এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম জানান, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তার প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে ৩নং ওয়ার্ডের দুয়াজানী এলাকায় নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।