০৩ নভেম্বর, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: নাগরপুর বাজার বণিক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত, নির্বাচনকালীন সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন
নাগরপুর বাজার বণিক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত, নির্বাচনকালীন সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন
মোঃ সোহেল:টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে বণিক সমিতির কার্যক্রম পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে করে বহুল প্রতীক্ষিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন আয়োজনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম সহ কমিটির সকল সদস্য স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে অব্যাহতি গ্রহণের পত্র নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলীর কাছে জমা দেন। পরবর্তীতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নির্বাচনকালীন সময়ে নাগরপুর বাজার বণিক সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত গঠিত আহবায়ক কমিটিতে আহবায়কের দায়িত্ব পালন করবেন নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন খান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ নভেম্বর ২০২৬ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
এদিকে, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপির দিকনির্দেশনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
এ বিষয়ে নাগরপুর বাজারে ব্যবসায়ীরা টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাগরপুর বাজারের ব্যবসায়ী সমাজের মধ্যে এখন আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সকলের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সক্ষম একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
Good news
Good
wonderful news