০৯ সেপ্টেম্বর, ২০২৫
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী
জনসেবামূলক কাজে নতুন দিগন্ত উন্মোচন করে নওগাঁর মান্দায় 'মানব সেবায় আমরা সব সময়' নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তার দুই ধারের আগাছা ও জঙ্গল পরিষ্কার করার কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রসাদপুর মেডিকেল মোড় থেকে ফতেপুর বাজার পর্যন্ত রাস্তার পাশে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এই মহৎ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, যিনি নিজেই প্রথম দিন সরাসরি এই কার্যক্রমে অংশ নিয়ে এর গুরুত্ব তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সংগঠক ও সাংবাদিক আমজাদ হোসেন, সহযোগী সংগঠক সাংবাদিক রায়হান আলী, কার্যক্রমে পরিচালনাকারী সাংবাদিক মিজানুর রহমান মিজান এবং সংগঠনের সদস্য সাংবাদিক সোহেল রানাসহ অন্যান্য সদস্যরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান সংগঠক আমজাদ হোসেন জানান, তাদের এই সংগঠন সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং এর মূল লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা, এতিম ও দুস্থ রোগীদের সাহায্য করা, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এবং জনস্বার্থে রাস্তাঘাট আবর্জনা মুক্ত করা ও মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা।
প্রথম দিনেই রাস্তার দুই পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কার করার মধ্য দিয়ে সংগঠনটি তাদের মানবসেবার অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
Good news
Good