১৪ এপ্রিল, ২০২৬
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সংসদ সদস্যের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাঙালির চিরাচরিত ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও মুখোশ নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম উজ্জ্বল প্রতীক। এই দিনটি আমাদের শেকড়ের সাথে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ এনে দেয়। পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে পথচলার প্রেরণা জোগায় বাংলা নববর্ষ।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনই পহেলা বৈশাখের মূল শক্তি। এই চেতনাকে ধারণ করে সকল বিভেদ ভুলে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মেলার আমেজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।