০৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

মান্দায় জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৫, থানায় এজাহার

০৫ মার্চ, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৫

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও নারীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার ২৮ (ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য মৈনম ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম (৩৯) বাদী হয়ে মান্দা থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে নাম উল্লেখ করা ১১ জন অভিযুক্ত হলেন, মো. আলেফ কবিরাজ (৫০), মো. এরশাদ আলী (৪০), মো. আ. রাজ্জাক (৪৫), মো. আব্দুল আজিজ (৪৭), মো. আ. কুদ্দুস (৩২), মো. ফেরদৌস (৩৭), মোছা. এলোরা বিবি (৩৫), মোছা. বিলকিছ বেগম (৪০), মোছা. খোজো বিবি (৪২), মোছা. ডলি বেগম (৩৩) ও মোছা. শাহিনুর বেগম (২৮)। উল্লেখ্য, অভিযুক্ত সকলেই মধ্য মৈনম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, মৈনম ডাঙ্গাপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের পরিবারের সাথে প্রতিবেশী মো. আলেফ কবিরাজ গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র হাসুয়া, দা, লোহার রড ও লাঠি নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির টিনের দরজা, কাঠের জানালা এবং টিনের ছাউনি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

​হামলার এক পর্যায়ে বাধা দিতে গেলে ১নং আসামির হুকুমে ২নং আসামি শহিদুল ইসলামের মা মোছা. নার্গিস ওরফে লাকি বেগমকে (৪৮) হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া দিয়ে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া অন্যান্য আসামিরা লাঠি ও রড দিয়ে পিটিয়ে শহিদুল ইসলামের স্ত্রী মোছা. শাপলা বেগম (২৭), বাবা মো: আ: সামাদ (৫৮) এবং ফুফা মো. আলম বক্সকে (৪৮) শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।​পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, গুরুতর আহত লাকি বেগমের মাথায় ৫টি সেলাই লেগেছে।

বাদী শহিদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত এরশাদ আলী তার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সরিষার খড়ের পালা তৈরি করাকে কেন্দ্র করে কেবল কথা-কাটাকাটি ও সামান্য মারামারি হয়েছে। তবে তারা ঠিক কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এরশাদ আলীর ভাষ্যমতে, উঠানে থাকা টিনের বেড়ার সঙ্গে ধাক্কা লেগে লাকী বেগমের মাথা কেটে গেছে।

​এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, পুলিশ অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







 

Related Article