১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্ব নিলেন মামুনুর রশিদ

৩১ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ মামুনুর রশিদ

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ দায়িত্ব নিয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) অপরাহ্নে কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ আইন ও বিচার বিভাগের স্বাভাবিক নির্দেশনা অনুযায়ী তাঁর কাছে দায়িত্ব অর্পণ করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নেওয়া বিচারক মামুনুর রশিদ বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের একজন মেধাবী সদস্য। মামুনুর রশিদ ২০০৮ সালের ২২ মে একজন নবীন বিচারক হিসাবে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। পরে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসি‌জেএম), মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সি‌জেএম), সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজার বিচার বিভাগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দিয়ে এখনও দায়িত্ব পালন করে আসছেন।

বিচারক মামুনুর রশিদ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নগর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের জন্ম ১৯৮২ সালের ২ নভেম্বর। পিতা আবদুস সামাদ, মাতা নূর জাহান বেগম। ৩ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ। বিচারক মামুনুর রশিদের ডাক নাম নিরব। তিনি শাহনাজ পারভীনকে বিয়ে করেছেন। মামুনুর রশিদ ও শাহনাজ পারভীন দম্পতি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক-জননী।

মামুনুর রশিদ কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিকলী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এমএলএম সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। শিক্ষা জীবনের পর তিনি লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (সাবেক শিল্প ব্যাংক)-এর সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের সর্বত্রই কর্মপাগল মামুনুর রশিদ তাঁর সফলতার স্বাক্ষর রেখেছেন। সপ্তম শ্রেণি থেকেই তাঁর কবিতা, গল্প, নাটক জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকা, ম্যাগাজিন ও বেতারে প্রকাশ ও প্রচারিত হতে থাকে। মামুনুর রশিদের লেখা গল্পের বই “নীলজল দিগন্ত” চলতি বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিচারক মামুনুর রশিদ একজন জাতীয় পর্যায়ের দাবাড়ুও।

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাশাপাশি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জেলা নাজির বেদারুল আলম জানিয়েছেন। এছাড়াও একাধিকবার তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখার এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good