২৯ অগাস্ট, ২০২৫
কাজল কান্তি দে,
ছবি: কক্সবাজার সমুদ্র সৈকত
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। কখনো মেঘ, কখনো রোদে ভিন্ন আমেজে সাগরপাড়ে সময় কাটাচ্ছেন সব বয়সী মানুষ। সৈকতের বালিয়াড়িতে কেউ খেলছেন, কেউবা ঘোড়ার পিঠে চড়ছেন—পুরো সৈকতজুড়ে যেন মিলনমেলা।
পর্যটকরা জানান, কয়েক মাস বর্ষা মৌসুমে আগমন কম থাকলেও এখন বৃষ্টি কমে আসায় ঘুরতে এসেছেন কক্সবাজারে। ব্যবসায়ীরাও বলছেন, সামনে আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।
তবে সমুদ্র এখনো উত্তাল। গেল কয়েকদিন ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও শুক্রবার সকালে তা প্রত্যাহার করেছে আবহাওয়া অফিস। সতর্কতার অংশ হিসেবে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে রেখেছেন ‘সী সেফ লাইফ গার্ড’ কর্মীরা।
সিনিয়র লাইফ গার্ড মো. জহিরুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে আছি। লাল পতাকার মানে হলো, সমুদ্রস্নান ঝুঁকিপূর্ণ। তাই আমরা সবাইকে সচেতনভাবে নামতে বলছি।
পর্যটকদের অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, কেউ এসেছেন বন্ধুবান্ধবের সঙ্গে। ভিন্ন আবহাওয়ার মাঝে এক টুকরো আনন্দ খুঁজে পেতে যেন ছুটে এসেছেন সাগরপাড়ে।
Good news
Good