১৭ Jul, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: কক্সবাজার রথযাত্রায় হাজারো ভক্ত
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঠিক গতকাল একই তিথিতে
ঢাক-ঢোল, করতাল ও শঙ্খধ্বনির সঙ্গে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার শহর। রঙিন সাজে সজ্জিত রথকে ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস, প্রার্থনা ও ভক্তিময় পরিবেশে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ।
বৃহস্পতিবার ১৬ই জুলাই ২০২৬ বিকেলে শহরের গোলদিঘির পাড় থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, শাস্ত্রমতে শ্রী জগন্নাথদেবের রথ ও চূড়া দর্শনের মাধ্যমে ভক্তরা পুণ্যলাভ করেন। তিনি দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
রথযাত্রার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকলে দেশের উন্নয়ন ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। তাঁরা সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে গোলদিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক, আইবিপি রোড, ঘুনগাছতলা, হলিডে মোড়, সার্কিট হাউস রোড ও লাবণী পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
ধন্যবাদ 🌸💚
Good news