১৪ ডিসেম্বর, ২০২২
সাইফুর রহমান বাদল,
ছবি: প্রতিকি ছবি
ঝিনাইদহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো-ওই গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে কাফিন (৭) ও সাফিন (৫)।
প্রতিবেশী এনামুল হোসেন জানান, কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আর সাফিন সবে স্কুলে আসা যাওয়া শুরু করেছিল। সকালে তারা স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুরে দুই ভাইকে ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা.ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।