৩০ Jul, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: ছবি - পুরস্কার বিতরণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ সকাল ১১টায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসার জনাব লুতফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বি.এম. তারিক-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান, অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসান মাস্টার এবং প্রেস ক্লাব সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিবারের ছেলে-মেয়ে সুশিক্ষিত হলে যেমন উপকৃত হয় সে পরিবার, তেমনি উপকৃত হয় দেশ ও জাতি।
তিনি কৃতি ছাত্রছাত্রীদের ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়ে ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের সচেষ্ট হওয়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এ রেজাল্ট অর্জনকারী এসএসসি পরীক্ষার্থীদেরকে ১০ হাজার এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।