১১ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / বিশেষ সংবাদ

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

১০ অক্টোবর, ২০২৬

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: আয়োজনের খণ্ডচিত্র

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। প্রায় ১৫০টি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন হাজারের বেশি মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি জোরালো করেন আন্দোলনকারীরা। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্থতা ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে দোহাজারী সদর এলাকার হাজারী শপিং সেন্টারের সামনে দোহাজারী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

এ সময় বক্তারা দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে একদফা কর্মসূচি ঘোষণা করে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন। 

দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক মেয়র লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সহসভাপতি জয়নাল আবেদীন, খাগরিয়ার বাসিন্দা এম. এ. হেলাল ডিলার, মোহাম্মদ ইউনুছ, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী,

দোহাজারী বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন, দোহাজারী যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, জামাল উদ্দীন, আবদুল গফুর রব্বানী, মনসফ আলী ও মোহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। 

কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংহতি প্রকাশ করে দোহাজারী হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী সংবাদপত্র এজেন্ট ও স্টার আর্ট পরিবার, দোহাজারী পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিকড় সামাজিক সংগঠন, দোহাজারী বেগবাড়ি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, 

আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, প্রবাসী ঐক্য পরিষদ, ইসলামী ছাত্রসেনা, ব্লাড ব্যাংক, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, হাজারী শপিং সেন্টার, হাজারী টাওয়ার, খান প্লাজা, সিটি সেন্টার, শামসুদ্দিন মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী নাগরিক কমিটি, ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ, ভিডিও ও ফুল ব্যবসায়ী সমিতি, চাগাচর রকিম উদ্দীন যুব সংঘ, জুয়েলার্স সমিতি, ব্লাড ডোনার সোসাইটি, চাগাচর ভাই ভাই একতা সংঘ, তরুণ ইউনিটি ক্লাব, কিল্লাপাড়া এলাকাবাসী, এ রহমান স্মৃতি সংঘ, হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন, শাহ মোহছেন (আ.) একতা সংঘ, ক্রীড়া সংঘ, দোহাজারী সরকারপাড়া, বাতিঘর ফাউন্ডেশন, প্রভাতী স্পোর্টিং ক্লাব, আফজল মিয়া সওদাগর ফাউন্ডেশন, তরুণ প্রজন্ম একতা সংঘ, ছৈয়দ শামসের আউলিয়া, আধারে আলো, দীপ্ত একতা সংঘ, যুব কাফেলা সমবায় সমিতি ও শিরত আলী ফাউন্ডেশনসহ প্রায় ১৫০টি স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগে দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দেওয়ার বিষয়টি স্থানীয়দের সঙ্গে প্রতারণা ও ষড়যন্ত্রের শামিল। 

তাঁদের দাবি, নিকার অনুমোদনপ্রাপ্ত আটটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রক্রিয়া গ্রহণ করা হলে তা তাঁরা মেনে নেবেন না। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ও সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দোহাজারীকে বাদ দিয়ে কোনো প্রশাসনিক কাঠামো তাঁরা মেনে নেবেন না। এমন উদ্যোগ দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য এবং জেলা আন্দোলনে হামলা-মামলা ও নির্যাতনের শিকার পূর্বপুরুষদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। 

বক্তারা আরও বলেন, “আজ আধা ঘণ্টা সড়ক অবরোধ করে সরকারকে ডেমো দেখিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ চট্টগ্রাম অবরোধ করা হবে।” 

তাঁরা দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Related Article