১৬ অগাস্ট, ২০২৫
সাবিক ওমর (সবুজ),
ছবি: আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিতিদের ছবি।
বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নে স্থানীয় যুবসমাজের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ এশা এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী দেশ গড়ে তোলা হবে। আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। যে সমাজে আল্লাহর ভয় থাকে না, সেখানে অন্যায়, অপরাধ ও শয়তানি প্রভাব বিস্তার করে। তাই ইসলামভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে রাস্তা-ঘাটের উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, হাট-বাজারের সংস্কার, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। দাড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করুন।”
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোরশেদুর রহমান। তিনি বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন কারারুদ্ধ রেখে বিনা চিকিৎসায় শাহাদাতবরণে বাধ্য করেছে। তাদের শাসনামলে আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। আজ আমাদের সামনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ এসেছে, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা গোলাম রব্বানীকে বিজয়ী করে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সংসদে কুরআন-সুন্নাহর পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনার শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Good news
Good