০৩ নভেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে সংঘর্ষে আহত ব্যবসায়ী মানিক মিয়ার মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়া বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি হাসপাতালে মারা যান।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন লোক আহত হন।
গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান। মানিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
Good news
Good