২১ নভেম্বর, ২০২৬
মোঃ আশিকুর রহমান,
ছবি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের বাইরে ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এমনকি এ পরিকল্পনার বিষয়ে নিজের প্রশাসনের কর্মকর্তাদেরও এখনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলোর নির্মিত ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রের মাটিতেই থাকতে হবে।
তিনি বলেন, ‘আমরা ডেটা সেন্টারগুলোকে অন্য দেশে যেতে দিচ্ছি না। কারণ, চীন সেগুলো সব নিয়ে নেবে। আমরা তা হতে দিতে পারি না। যারা এ ধরনের উদ্যোগ নেবে, তাদের ওপর ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণকে স্বাগত জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। একই সঙ্গে এসব স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে আর্থিক সুবিধা আদায়ের পরামর্শ দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আপনাদের উচিত ডেটা সেন্টারগুলো থেকে সুবিধা নেওয়া। কোম্পানিগুলোকে আপনাদের এবং আপনাদের এলাকার জন্য অর্থ দিতে বাধ্য করুন। তবে এগুলো বন্ধ করে দেবেন না। আমরা চাই তারা যুক্তরাষ্ট্রেই এগুলো নির্মাণ করুক।’
নিজেদের আবাসস্থলের কাছাকাছি ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক অবস্থান নিচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রযুক্তি কোম্পানিগুলো স্থানীয় জনগণের ক্ষোভ প্রশমনে নানা উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে সরকারি সহায়তা কম নেওয়া, কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো এবং যেসব শহর ও জনপদে ডেটা সেন্টার নির্মাণ করা হবে, সেসব এলাকায় বেশি অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি রয়েছে।
এদিকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন সীমিত করতে গত সোমবার উন্নত মার্কিন কম্পিউটিং চিপ ও সার্ভারে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার নতুন বিধি জারি করে ট্রাম্প প্রশাসন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি জানায়, গত ছয় মাসে চীনের কাছে প্রায় ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।