০৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের শিউলি গ্রামে এক নারীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের দাবিতে টনিক নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে অবস্থান নেওয়ার পর ওই নারীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, টনিক ও ওই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। দুজনই বিবাহিত বলে স্থানীয়ভাবে জানা গেছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর তা মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়।
তবে মীমাংসার নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। যদিও এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার পর ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে টনিকের কাছে রয়েছে বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। ফলে তার বক্তব্য সরাসরি নেওয়া সম্ভব হয়নি। ফোনটি কীভাবে টনিকের কাছে গেল, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে টনিকের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করে আনা হোক। পাশাপাশি কোনো পক্ষের প্রভাব বা চাপ যেন তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি কামনা করেছেন তারা।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত টনিকের বাড়ী থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা নাসিমাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এব্যপারে মামলা প্রক্রিয়া চলামান রয়েছে।