১৩ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ শাহরিয়ার,
ছবি: গ্রেফতারকৃত তোহা ওরফে পেঠাইন্না
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্বামীর দেওয়া এসিডে দগ্ধ হয়ে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। নিহতের নাম জেসমিন আক্তার (২২)। এ ঘটনায় নিহতের স্বামী মো. তোহা ওরফে পেটাইন্না (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তোহা তার স্ত্রী জেসমিনের ওপর এসিড জাতীয় তরল পদার্থ খাইয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে জেসমিন গুরুতর দগ্ধ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ১২ সেপ্টেম্বর রাতে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান জেসমিন।
এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামী মো. তোহাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত নৃশংস। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
এদিকে এলাকায় এ হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।